মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিননগর বিএনপির নতুন সভাপতি ডা. শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক বক্কর

নগর বিএনপির নতুন সভাপতি ডা. শাহাদাৎ এবং সাধারণ সম্পাদক বক্কর

চট্টগ্রাম মহানগর বিএনপির সাত বছরের অপূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। নতুন কমিটিতে ডা. শাহাদাৎ হোসেনকে সভাপতি, আবু ‍সুফিয়ানকে সিনিয়র সহ সভাপতি এবং আবুল হাশেম বক্করকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  ঢাকায় বিএনপির স্থায়ী কমিটি ঘোষণার পর মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম মহানগরীতে নতুন কমিটির তিন সদস্যের নাম জানিয়েছেন স্থানীয় নেতাদের। নতুন কমিটির সিনিয়র সহ সভাপতি আবু সুফিয়ান কেন্দ্রীয় নেতাদের বরাত দিয়ে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন। ২০১০ সালে চট্টগ্রাম মহানগর বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। ব্যাপক বিশৃঙ্খলভাবে অনুষ্ঠিত ওই সম্মেলনের পর সাবেক বাণিজ্যমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি এবং সাবেক ছাত্রদল নেতা ডা.শাহাদাৎ হোসেনকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিমিষ্ট কমিটি ঘোষণা করেছিল কেন্দ্র।  বাকি তিনজন হলেন, সিনিয়র সহ-সভাপতি দস্তগীর চৌধুরী এবং সহ সভাপতি আবু সুফিয়ান ও শামসুল ইসলাম চৌধুরী। পাঁচ সদস্যের কমিটির সিনিয়র সহ সভাপতি দস্তগীর চৌধুরী ২০১১ সালে মারা যান।  বাকি চার সদস্য নিয়েই পার হয়ে যায় আরও ছয় বছর।

সম্প্রতি বিএনপির কাউন্সিলের পর চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক ডা.শাহাদাৎ হোসেনকে কেন্দ্রীয় চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক করা হয়।  এবার শাহাদাৎ পদোন্নতি পেয়ে সভাপতি হলেন। দস্তগীরের মৃত্যুর পর সিনিয়র সহ সভাপতি হওয়া সাবেক ছাত্রদল নেতা আবু সুফিয়ান আগের পদেই বহাল আছেন। আবুল হাশেম বক্কর দীর্ঘদিন চট্টগ্রাম মহানগর যুবদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। সম্প্রতি বিএনপির কাউন্সিলের পর তাকে কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদকের পদ দেয়া হয়।  এবার তাকে মূল দলের নগর কমিটির সাধারণ সম্পাদক পদে বসানো হল। নগর বিএনপির সভাপতির পদ থেকে বাদ পড়া আমির খসরু মাহমুদ চৌধুরী ঠাঁই পেয়েছেন বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে।

আরও পড়ুন

সর্বশেষ