রাজধানীর কল্যাণপুর ‘তাজ মঞ্জিলে’ যৌথ বাহিনীর অভিযানে নিহত ৯ জঙ্গির ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ২৭ জুলাই দুপুরে তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মরচ্যুয়ারি সূত্র এ তথ্য জানিয়েছে। এর আগে সকাল ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ (ডিএমপি) ওই ৯ জনের সুরতহাল প্রতিবেদন ঢাকা ঢামেক হাসপাতালে পাঠায়। সুরতহাল প্রতিবেদন হাতে পাওয়ার পরপরই ময়নাতদন্ত শুরু করা হয় বলে জানিয়েছিলেন ঢামেক ফরেনসিক বিভাগের সহকারীর অধ্যাপক সোহেল মাহমুদ। কল্যাণপুরের ‘তাজ মঞ্জিল’ নামের ৫ নম্বর রোডের ৫৩ নম্বর বাড়িটিতে ২৫ জুলাই দিবাগত গভীর রাতে জঙ্গি আস্তানার সন্ধান পায় পুলিশ।
২৬ জুলাই ভোর ৫টা ৫১ মিনিট থেকে ৬টা ৫১ মিনিট পর্যন্ত যৌথ বাহিনীর স্টর্ম-টোয়েন্টি সিক্স অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। হাসান নামে আহত এক জঙ্গি ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাস্থল থেকে ১৩টি স্থানীয়ভাবে তৈরি গ্রেনেড, ১৯টি ডেটোনেটর, ৭.৬২ বোর রাইফেল, কিছু ম্যাগজিন, তলোয়ার, ছুরি, হাতুড়ি, চাপাতি, আল্লাহু আকবর লেখা দু’টি কালো পতাকা, গুলি ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।




