নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শরীরে বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ নামে এক শিশু শ্রমিক হত্যার অভিযোগে চারজনের নামে মামলা হয়েছে। এ ঘটনায় নাজমুল হুদা (২৮) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রূপগঞ্জ থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহত শিশুর বাবা মিল শ্রমিক রতন বর্মণ। এ মামলায় চারজনকে আসামি করা হয়েছে বলে জানান রূপগঞ্জ থানার ওসি ইসমাইল হোসেন। তিনি বলেন, রাতে যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলস লিমিটেড কারখানা থেকে নাজমুল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার অন্য আসামিরা হলেন- এলাহী (৩০), রাশেদুল ইসলাম (২৬) আযহার ঈমাম (২৫)। এরা সবাই একই কারখানায় কাজ করেন। এর আগে রোববার দুপুরে উপজেলার তারাব পৌরসভার যাত্রামুড়া এলাকার এখলাছ স্পিনিং মিলস লিমিটেড কারখানায় বাতাস ঢুকিয়ে সাগর বর্মণ নামে এক শিশুকে হত্যা করা হয়। নিহত সাগর বর্মণ (১০) নেত্রকোনা জেলার খালিয়াজুরী থানার রাজিবপুর এলাকার রতন বর্মণের ছেলে। শরীরে বাতাস ঢুকানোয় গুরুতর আহত হয়ে পড়লে সাগরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারখানার মালিকপক্ষের দাবি, সাগর কম্প্রেসারের হাওয়া দিয়ে মেশিন পরিষ্কার শেষে নিজের শরীরে বাতাস লাগিয়ে ময়লা (ডাস্টার) পরিষ্কার করতে থাকেন। এ সময় মুখে বাতাস ঢুকে সে গুরুতর আহত হয়। পরে মিল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। হত্যার বিষয়টি অস্বীকার করে কারখানার প্রশাসনিক কর্মকর্তা কিবরিয়া দাবি করেন, সাগর কাজ শেষে নিজের শরীর পরিষ্কার করতে গেলে মুখে বাতাস ঢুকে যায়।




