চট্টগ্রামের আলোচিত মাহমুদা খানম মিতু হত্যায় তার স্বামী এসপি বাবুল আক্তারের সম্পৃক্ত নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলছেন, এসপি বাবুল আক্তারকে স্ত্রী হত্যায় জড়িত থাকার বিষয়ে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি। তিনি নজরদারির মধ্যেও নাই। মঙ্গলবার রাজধানীর ওসমানী মিলনায়তনে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্টমন্ত্রী বলেন,সিসিটিভির ফুটেজ দেখে দু’জন আসামিকে গ্রেফতার করা হয়েছিল। তাদের চিহ্নিত করতেই এসপি বাবুল আক্তারকে নেয়া হয়েছিল। মিতু হত্যা মামলার তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে এ মামলার বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন মন্ত্রী।
উল্লেখ্য, গত ৫ জুন সকালে চট্টগ্রাম নগরীর ও আর নিজাম রোডের বাসার অদূরে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার পথে খুন হন মাহমুদা খানম মিতু। মোটরসাইকেলে আসা তিন হামলাকারী মিতুকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার পর থেকে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছিল, গত কয়েক বছরে চাকরিকালীন সময়ে চট্টগ্রামে জঙ্গি দমন অভিযানে মুখ্য ভূমিকা পালন করেছিলেন মিতুর স্বামী এসপি বাবুল আক্তার। আর এ কারণে জঙ্গিদেরই টার্গেটে ছিলেন তিনি ও তার পরিবারের সদস্যরা। তবে ঘটনার দু’দিন আগে বদলিজনিত কারণে ঢাকায় আসেন এসপি বাবুল আক্তার। ঘটনার দিন ৫ জুন তার নতুন কর্মস্থলে যোগ দেয়ার কথা ছিল। আর এ দিনই ঘটে যায় মর্মান্তিক এ ঘটনা।




