বাঁশখালীর গণ্ডমারায় কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে পুলিশ-আনসার ও গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মমিনুর রশিদকে কমিটির প্রধান করা হয়েছে। ৪ এপ্রিল রাতে এ কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা প্রশাসন। এ প্রসঙ্গে মমিনুর রশিদ জানান, এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে কমিটি কাজ শুরু করবে। এর আগে বাঁশখালীর গণ্ডমারায় এস আলম গ্রুপের কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে-বিপক্ষে দুই গ্রুপের উত্তেজনাকে ঘিরে পুলিশ-আনসার ও গ্রামবাসীর রক্তক্ষয়ী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ, আনসার, গ্রামবাসী মিলে ৩০ জন আহত হন।



