মুক্তিযুদ্ধের সময় অনেক নির্যাতিতা নারীর বিয়ের সময় তাদের কাবিননামায় পিতার নাম লেখার সময় জাতির পিতা বলেছিলেন, লেখ, এদের পিতার নাম শেখ মুজিবুর রহমান। বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বেগম রোকেয়া দিবস ও পদক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আজ বাংলাদেশ বিশ্বে একটি দৃষ্টান্ত স্থাপন করতে সফল হয়েছে। আজ নারীরা তাদের অবস্থান করে নিতে পেরেছে। যা ছিল বেগম রোকেয়ার স্বপ্ন। সে সময় এমন অবস্থা ছিল কোনো নারী পড়া-লেখা করছে এটা জানা-জানি হলে বাবা-মাকে পর্যন্ত হেয় প্রতিপন্ন হতে হতো। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা আমাদের পথ দেখিয়ে গেছেন। স্বাধীনতার পর জাতির পিতা নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেন। চাকরির ক্ষেত্রে তিনি মেয়েদের জন্য কোটার ব্যবস্থা করেছিলেন। সব সময় তিনি একটি কথা বলতেন, ‘একটা মেয়ে যখন টাকা আয় করে বাড়িতে ফেরে তখন তার কথার একটা দাম থাকে’। আজ সেই অবস্থা সৃষ্টি করার সুযোগ এসেছে।



