বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন আন্তর্জাতিক রফতানি-বাণিজ্য মেলার উদ্বোধন শনিবার

আন্তর্জাতিক রফতানি-বাণিজ্য মেলার উদ্বোধন শনিবার

BNTBG_MCCIনগরীর হালিশহর আবাহনী মাঠে শনিবার বাংলাদেশ ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড এক্সপোর্ট ফেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। তবে মেলা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্যাভিলিয়ন, প্রিমিয়াম প্যাভিলিয়ন, স্ট্যান্ডার্ড প্যাভিলিয়নসহ মোট ৮৪টি স্টল থাকছে। শনিবার সকালে বিআইটিইএফ’র উদ্বোধন করবেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কমংসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য আবদুল লতিফ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে আগ্রাবাদের চেম্বার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সহসভাপতি এএম মাহবুব চৌধুরী। এসময় চেম্বার সভাপতি খলিলুর রহমান উপস্থিত ছিলেন।

মাহবুব চৌধুরী বলেন, সিএমসিসিআই দেশিয় শিল্পের দ্রুত প্রসার, সুরক্ষা, নীতিগত সমর্থন প্রদানে সরকারের সংশ্লিষ্ট মহলকে নীতি নির্ধারণে সহযোগিতা দিয়ে যাচ্ছে। ব্যবসায়ীদের চাহিদা অনুযায়ী সরকারের সঙ্গে সমন্বয় করে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা, যৌক্তিক শুল্কহার নির্ধারণ, শিল্পায়নের গতি ত্বরান্বিত এবং উৎপাদিত পণ্যের বিপণন, প্রচার-প্রসারে সহায়ক পরিবেশ সৃষ্টি করতে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে দ্বিতীয়বারের মতো বিআইটিইএফ মেলার আয়োজন। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের প্রসারে এ মেলা সহায়ক ভূমিকা পালন করবে উল্লেখ করে তিনি বলেন, মেলায় দর্শনার্থীরা সুলভ মূল্যে পণ্য কেনার সুযোগ পাবে। ফলে বিদেশি পণ্যের পরিবর্তে দেশিয় পণ্যের অভ্যন্তরীণ বাজার সম্প্রসারিত হবে। তিনি বলেন, জিডিপির পরিমাণ, রফতানি, রেমিটেন্স বৃদ্ধিতে বেসরকারি খাতের অবদান দেশে-বিদেশে সমাদৃত। বাংলাদেশকে নিম্ন মধ্য আয়ের দেশ থেকে মধ্য আয়ের দেশে পরিণত করতে রফতানি বাড়ানোর পাশাপাশি আমদানি নির্ভরতা কমাতে হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে সিএমসিসিআই পরিচালক মো. আব্দুল আউয়াল, এমএ মালেক, লিয়াকত আলী চৌধুরী, মো. শফিক উদ্দিন, আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ