চলমান আদর্শহীন রাজনীতি নিয়ে অসহায়ত্ব প্রকাশ করেছেন চট্টগ্রামের মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। এই রাজনীতি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছেন মেয়র। শনিবার চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত ‘বঙ্গবন্ধুর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে মেয়র এ মন্তব্য করেন।
আ জ ম নাছির উদ্দিন বলেন, ‘এখন রাজনীতি যেভাবে চলছে সত্যিকার অর্থে এই রাজনীতি দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা যাবেনা। প্রধানমন্ত্রী একজনই দেশের জন্য কাজ করছেন। আর আমরা সবাই নিজেরা নিজেদের কাজ করছি। আমরা প্রতি পদে পদে বরং প্রধানমন্ত্রীকে বাধা দিচ্ছি। প্রতি পদে পদে তাঁর হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছি। এভাবে চলতে পারেনা। অবশ্যই পরিবর্তন দরকার। তিনি বলেন, ছাত্রলীগের সভাপতি-সেক্রেটারি হচ্ছে, কেন্দ্রীয় নেতাও হচ্ছেন অথচ মুক্তিযুদ্ধের চেতনা কি, জয় বাংলা শ্লোগান কি সেটা জানেনা। সে কিভাবে জানবে ? সে-তো আদর্শই ধারণ করেনা।
তিনি বলেন, একজন মাদকাসক্ত, সে কিভাবে ছাত্রলীগে-সংগঠনে পদ পায় ? নেতারাই তো তাকে ছাত্রলীগে স্থান করে দিচ্ছে। কেন দিচ্ছে ? যাতে সে নেতার প্রতি অনুগত থাকে, আরেকজন নেতাকে কোণঠাসা করতে পারে।
মেয়র বলেন, আমরা একটা বৃত্তে পড়ে গেছি। একজন খারাপ ছেলেকে যদি বের করে দেয়া হয় তাহলে আরেকজন তাকে টেনে নিচ্ছে, শেল্টার দিচ্ছে। বাস্তবিক অর্থে আমরা নিজেরাই অসহায় হয়ে গেছি। এই রাজনীতি দিয়ে হবেনা, এই রাজনীতিতে পরিবর্তন আনতে হবে। ’ বলেন মেয়র। তিনি বলেন, বক্তৃতায় আমরা অনেক কথা বলি, কিন্তু আমরা কতটুকু ধারণ করি। মুখে কি বললাম সেটা বড় কথা নয়। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করাই হচ্ছে সবচেয়ে কথা।
চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সিইউজে’র সভাপতি এজাজ ইউসুফী। সিইউজে’র সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বিএফইউজে’র সভাপতি মনজুরুল আহসান বুলবুল, সিইউজে’র ৫৫ বছর উদযাপন পরিষদের আহ্বায়ক আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজে’র সাবেক সভাপতি আতাউল হাকিম, এম নাসিরুল হক, মোস্তাক আহমেদ ও শহীদ উল আলম এবং সিইউজে’র প্রতিনিধি ইউনিটের চিফ সমীর বড়ুয়া ও সিইউজে’র ৫৫ বছর উদযাপন পরিষদের সদস্য সচিব আসিফ সিরাজ।




