নগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলু’র পদত্যাগ ও আকবর শাহ্ থানা ছাত্রদল কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে পদবঞ্চিতরা। শনিবার বিকেলে নগরীর কাজির দেউড়ি এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অছাত্র-অশিক্ষিত, বিবাহিত, অযোগ্যদের দিয়ে টাকার বিনিময়ে গঠিত আকবর শাহ্ থানা ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
সমাবেশে বক্তারা বলেন, দলের প্রতি নিবেদিত, ত্যাগী ও বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা পালনকারী তৃণমূলের অসংখ্য নেতাকর্মীদের বাদ দিয়ে ঘোষিত কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় তৃণমূলের নেতাকর্মীরা দুর্বার আন্দোলন গড়ে তুলবে। ৪৮ ঘন্টার মধ্যে কমিটি বাতিল এবং ত্যাগীদের নিয়ে নতুন কমিটি ঘোষণা না করলে মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজ উল্লাহ ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুকে আকবর শাহ্ থানা এবং দলীয় কার্যালয়ে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে হুমকি দেওয়া হয়। আ ন ম কামরুল হাসনাতের সভাপতিত্বে মিছিলোত্তর সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঘোষিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, ইমতিয়াজ উদ্দীন, মোহাম্মদ নাজিম, মো. ইমাম, অপু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।




