ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেছেন, জনবান্ধব রূপে কাজ করে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে। সরকার সবসময় গরীব, দুঃখী, মেহনতী মানুষের পাশে রয়েছে এবং থাকবে। সম্প্রতি সাইক্লোন কোমেন ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকার নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বিতরণ করছে। ক্ষতিগ্রস্তদের স্বাবলম্বী হিসেবে গড়তে কাজ করে যাচ্ছে, তাদের পাশে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার আনোয়ারা উপজেলা পরিষদ কার্যালয়ে কোমেন ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণকালে এসব কথা বলেন তিনি। রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের উদ্যোগে ৩০০ পরিবারের মাঝে ত্রাণ ও নগদ সহায়তা দেয়া হয়।
ভূমি প্রতিমন্ত্রী বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের প্রত্যন্ত অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে যেভাবে এগিয়ে এসেছে, তা প্রশংসার দাবিদার। এছাড়া বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে পিতার অসমাপ্ত কাজ সম্পাদনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সেক্রেটারি নুরুল আনোয়ার চৌধুরী বাহার, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক আবদুল মান্নান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি জসিম উদ্দিন, রেড ক্রিসেন্ট সহকারী পরিচালক কবির হোসেন, জানে আলম, রফিকুল কাদের, আনোয়ারা সদর চেয়ারম্যান মোহাম্মদ ছৈয়দ, আওয়ামী লীগ নেতা জানে আলম ও যুব রেড ক্রিসেন্ট নেতারা।




