সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনএনসিটি পরিচালনায় আর বাধা নেই

এনসিটি পরিচালনায় আর বাধা নেই

এনসিটি পরিচালনায় বেসরকারি অপারেটর নিয়োগ সংক্রান্ত টেন্ডার নিয়ে হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে করা আবেদন খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি এসকে সিনহার সমন্বয়ে গঠিত পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানি শেষে এ আদেশ দেন। বেঞ্চের অপর তিন বিচারপতি হলেন-নাজমুন আরা সুলতানা, সৈয়দ মাহমুদ হোসেন ও হাসান ফয়েজ সিদ্দিকী।  রিটকারী ফজলী এন্ড সন্স এর পক্ষে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ, বন্দরের পক্ষে ফজলে নুর তাপস ও ব্যারিস্টার ইমরানুল কবির এবং সরকারের পক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা মামলা পরিচালনা করেন। স্থগিতাদেশ চেয়ে করা আবেদন পূর্ণাঙ্গ বেঞ্চ খারিজ করে দেওয়ায় এনসিটি পরিচালনায় আর কোন বাধা নেই বলে জানিয়েছেন মামলার আইনজীবী ব্যারিস্টার ইমরানুল কবির।

তিনি বলেন, এনসিটি পরিচালনায় বেসরকারি অপারেট নিয়োগ সংক্রান্ত টেন্ডার বাতিল চেয়ে হাইকোর্টে রিট করে ফজলী এন্ড সন্স। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন। এরপর এ রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে চেম্বার জজ আদালতে আবেদন করলে চেম্বার জজ আদালত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য নির্ধারণ করে দেন। বৃহস্পতিবার শুনানি শেষে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ আবেদনটি খারিজ করে দেন।

আদালত সূত্রে জানা গেছে, রিটকারীর অভিযোগে বলা হয়, চট্টগ্রাম বন্দরের এনসিটি টার্মিনাল পরিচালনায় অপারেটর নিয়োগে দরপত্রে যে অভিজ্ঞতা চেয়েছে তা একটি মাত্র প্রতিষ্ঠান ছাড়া কারো পূরণ করা সম্ভব নয়।  মামলার আইনজীবী ইমরানুল কবির বলেন, বন্দরের টার্মিনাল অপারেশনের সঙ্গে বার্থ অপারেশন মেলানোর কোন সুযোগ নেই। কারণ এনসিটি কয়েকটি বার্থের সমন্বয়ে গঠিত এবং এর কার্য পরিধি ও কার্য প্রক্রিয়া সাধারণ বার্থ অপারেটরের চেয়ে ভিন্ন ও আধুনিক। তাই এটি পরিচালনায় অনেক বেশি অভিজ্ঞতা প্রয়োজন। তিনি বলেন, রিটকারী দরপত্রে অংশ নিয়ে একই দরপত্রের শর্ত চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন। পিপিআর ২০০৬ অনুযায়ী দরপত্রে অংশগ্রহণে ইচ্ছুক যে কোন ব্যক্তি দরপত্রের কোন শর্তে সংক্ষুব্ধ হলে তার বিরুদ্ধে কেবল অভিযোগ দায়ের করতে পারেন। একারণে হাইকোর্ট রুলটি খারিজ করে দেন।  এরপর চেম্বার জজ আদালতে রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করলে বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর চেম্বার জজ আদালত তা পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির জন্য নির্ধারণ করে দেন।

আরও পড়ুন

সর্বশেষ