আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে বিশ্ব থেকে বাংলাদেশ পুরস্কার আনে, এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, তথ্য প্রযুক্তির সফল ব্যবহারের অবদান রেখে আমরা ২০১১ সালে মর্যাদাপূর্ণ ‘সাউথ সাউথ অ্যাওয়ার্ড’ ও ২০১৪ সালে ‘সাউথ-সাউথ কোঅপারেশন ভিশনারি অ্যাওয়ার্ড’ জয় করেছি। বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিবসটি উদযাপন ও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) ১৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার রাজধানীর শেরেবাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিশ্ব থেকে বাংলাদেশ পুরস্কার আনে। আমরা পাই পুরস্কার আর বিএনপি-জামায়াত পায় তিরস্কার।’ পুরস্কার জয়ের তালিকায় তিনি আরও যুক্ত করেন ডব্লিউএসআইএস গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড‘র কথা। প্রধানমন্ত্রী বলেন, তথ্য-প্রযুক্তির মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা প্রদানে সাফল্যের স্বীকৃতি স্বরূপ আইটিইউ বাংলাদেশকে ২০১৪ সালে ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি’ (ডব্লিউএসআইএস) পুরস্কারে ভূষিত করে। এছাড়া মেক্সিকো থেকে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স ২০১৪ সালে বাংলাদেশ গ্লোবাল আইসিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড দেয়।
আন্তর্জাতিক পরিমণ্ডলে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তির ক্ষেত্রে অবদানের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ২০১০ থেকে ২০১৪ মেয়াদের পর আবার বাংলাদেশ চার বছরের জন্য আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) কাউন্সিল সদস্য হয়েছে। বিএনপি সরকারের অদুরদর্শীতার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, নব্বইয়ের দশকের গোড়ার দিকে বিনা খরচে সাবমেরিন কেবল স্থাপনের আন্তর্জাতিক প্রস্তাব যে খালেদা জিয়ার সরকার ফিরিয়ে দেয়। তিনি বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে এতটুকু জ্ঞান না থাকা দুর্ভাগ্যের বিষয়। ইন্টারনেট ক্যাপাসিটি আরও বাড়াতে দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের সঙ্গে বাংলাদেশকে যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, আশা করি, ২০১৬ সালের ডিসেম্বর মাসের মধ্যে এ সংযোগের কাজ শেষ হবে। দ্বিতীয় সাবমেরিন কেবলে বাংলাদেশে প্রায় ১ হাজার ৩০০ জিবিপিএস ব্যান্ডউইথ অর্জন করবে।
বিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী আরও বলেন, অপরাজনীতি আর মানুষ হত্যার মাধ্যমে বাংলাদেশকে যারা অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়, দেশের মানুষ আজ তাদের মুখোশ খুলে দিয়েছে। জনগণ বিএনপি-জামাতের উন্নয়ন বিরোধী, হত্যা ও ধ্বংসাত্ত্বক কার্যক্রমকে রুখে দাঁড়িয়েছে বলেও উল্লেখ করেন তিনি।




