মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের সাকা চৌধুরীর আপিল মামলা শুনানির জন্য কার্যতালিকায় এসেছে। বুধবারের কার্যতালিকায় মামলা দু’টি যথাক্রমে ৪ ও ৫ নম্বরে রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় এ কার্যতালিকা প্রকাশিত হয়।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চে এ শুনানি অনুষ্ঠিত হবে। বেঞ্চের অন্য সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এর আগে গত ১৫ এপ্রিল মামলা দু’টির শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষের পৃথক সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন শুনানি পিছিয়ে দিন ২৮ এপ্রিল পুনর্নির্ধারণ করেন আপিল বিভাগ। তবে মঙ্গলবারের কার্যতালিকায় না এসে বুধবারের কার্যতালিকায় এসেছে।
আইনজীবীর ‘অসুস্থতা’ দেখিয়ে মুজাহিদের পক্ষে ছয় সপ্তাহ এবং ‘প্রস্তুতি নেই’ কারণ দেখিয়ে সাকা চৌধুরীর পক্ষে ওইদিন আট সপ্তাহের সময়ের আবেদন জানানো হয়। তাদের বিষয় বিবেচনা করে দুই সপ্তাহ করে সময় মঞ্জুর করেন আদালত। আদালতে মুজাহিদ ও সালাহউদ্দিন কাদেরের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আপিল শুনানিতেও তারা স্ব স্ব পক্ষে নেতৃত্ব দেবেন। ২০১৩ সালের ১৭ জুলাই মুজাহিদ এবং একই বছরের ১ অক্টোবর সালাহউদ্দিন কাদের চৌধুরীকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।




