ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো.আবদুল বাতেন। এক্ষেত্রে ভোটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার সকালে নগর দামপাড়া পুলিশ লাইনে সাংবাদিকদের মাধ্যমে তিনি এ আহ্বান জানান। নির্বাচনে দায়িত্ব পাওয়া পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য শেষে সাংবাদিকদের মুখোমুখি হন রিটার্নিং অফিসার।
এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি সকল ভোটারকে অনুরোধ করছি, আশ্বাস দিচ্ছি ভোটকেন্দ্রে সর্বোচ্চ পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। আমরা আপনাদের ভোটকেন্দ্র আসা-যাওয়ার জন্য এবং পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা করেছি।’ তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ঘর ছেড়ে বেরিয়ে আসুন। আপনাদের নিরাপত্তা দেয়া হবে। নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসুন।’ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার নগরীতে প্রায় ২২ হাজার পুলিশ, আনসার, এপিবিএন, বিজিবি ও র্যাব সদস্য মোতায়েন করা হবে বলে রিটার্নিং অফিসার জানান। তিনি বলেন, ‘আমি আশাবাদী নির্বাচন অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।’ এর আগে দিকনির্দেশনামূলক বক্তব্যে বাতেন পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের সহযোগিতা পেলে আমরা একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন করতে পারব।’
পুলিশ ও আনসার সদস্যদের উদ্দেশ্যে নগর পুলিশ কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডলও বক্তব্য রাখেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অর্থ, প্রশাসন ও ট্রাফিক) একেএম শহীদুর রহমান এবং অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার।




