মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রাম সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির

চট্টগ্রাম সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি বিএনপির

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষে নির্বাচনের এক সপ্তাহ আগে থেকে নগরীতে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছে বিএনপির প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার সকালে নগরীর মেহেদীবাগে নগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।  শনিবার বায়েজিদ থানার বাংলাবাজার এলাকায় সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমকে ছাত্রলীগের লাঞ্চিত করার ঘটনার প্রতিবাদে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচনী এজেন্ট আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যেভাবে নির্বাচনী প্রচারণা কাজের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে তাতে সুষ্ঠু ও সুশৃঙ্খল নির্বাচন নিয়ে আমরা শঙ্কিত। এভাবে চলতে থাকলে আমরা ঠিকভাবে গণসংযোগ করতে পারব না। তাই নির্বাচন অবাধ নিরপেক্ষ সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনের ৭ দিন আগে সেনাবাহিনী মোতায়েন করা হোক। তিনি বলেন, এর আগেও মন্ত্রীদের বক্তব্য, পুলিশের মন্তব্য এসব নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ করা হলেও কমিশন কোন ব্যবস্থা নেয় নি।  সিইসি যতই বলুন নিরপেক্ষ নির্বাচনে কোন ছাড় দেওয়া হবে না, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু সৈয়দ ওয়াহিদুল আলমকে ছাত্রলীগের লাঞ্চিত করার ঘটনাই প্রমাণ করে এভাবে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচনী কমিটির আহবায়ক আবদুল্লাহ আল নোমান, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম, বিএনপির সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম উপস্থিত ‍ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ