সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদরাজনীতিসমান সুযোগের নামে ঢাকায় সন্ত্রাসীদের জড়ো হতে দেয়া যায় না: হাছান মাহমুদ

সমান সুযোগের নামে ঢাকায় সন্ত্রাসীদের জড়ো হতে দেয়া যায় না: হাছান মাহমুদ

সিটি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড)  তৈরি ও নাশকতাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেছেন, সমান সুযোগের নামে সন্ত্রাসীদের জড়ো হতে দেয়া যায় না। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।আওয়ামী লীগের প্রয়াত নেতা ও ঢাকার মেয়র মো. হানিফের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় হাছান মাহমুদ বলেন, বিএনপি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড চায়। আমিও বলি লেভেল প্লেয়িং ফিল্ড দরকার। তবে এর নামে নির্বাচন কমিশন বা আইনশৃঙ্খলা বাহিনী ঢাকায় সন্ত্রাসীদের জড়ো হতে সুযোগ দিতে পারে না। হাছান মাহমুদ বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির জন্য গত তিন মাসের হরতাল-অবরোধে যারা অগ্নিসংযোগ করেছে, ককটেল-পেট্রলবোমা মেরেছে, তাদের ধরতে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। এসব কর্মকাণ্ডে অর্থ জোগানদাতাদের আইনের আওতায় আনতে হবে, যাতে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে না পারে।

আলোচনা সভায় খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, আইনের দৃষ্টিতে সবাই সমান। কেউ সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করবে, আর পুলিশ আঙুল চুষবে- এ রকম কোনো সুযোগ দেয়া হবে না। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেরকম পরিবেশ দরকার, সেরকম সুষ্ঠু পরিবেশেই নির্বাচন হবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, পেট্রলবোমার আসামিরা অবাধে বিচরণ করবে, এটা লেভেল প্লেয়িং ফিল্ড হতে পারে না।’ সংগঠনের সহসভাপতি ড. ইনামুল হকের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য সুজিত রায় নন্দি, আওয়ামী লীগের উপকমিটির সহসম্পাদক বলরাম পোদ্দার,  শিক্ষক নেতা শাহজাহান সাজু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ