ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ সহ ‘গুম’ হওয়া নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, পরিকল্পিতভাবে মানুষ খুন ও গণগ্রেফতার বন্ধের দাবিতে রোববার সারাদেশে বিএনপি আহুত বিক্ষোভ কর্মসূচির সমর্থনে রোববার বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার সকাল ৮ টায় ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্নার নেতৃত্বে রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিল শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে আসলে পুলিশি ধাওয়ায় ছত্রভঙ্গ হয়ে যায় মিছিলটি।
মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রনেতা ও সূর্যসেন হলের আইন সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ, কবি জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের খোরশেদ আলম লোকমান, বাংলা কলেজের সোহাগ, সাকিব, হাবিবুল্লাহ বাহার কলেজের আসিফ, সিদ্ধেশ্বরী কলেজের ফারহান সহ প্রমুখ। মিছিল থেকে অবিলম্বে বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন সহ সকল ছাত্রদল নেতাদের মুক্তি দিয়ে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার আহ্বান এবং হত্যা, নির্যাতন বন্ধের দাবি জানিয়ে স্লোগান দেয় নেতাকর্মীরা।




