জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত হুসেইন মুহম্মদ এরশাদ চট্টগ্রামে অবস্থান করছেন। শনিবার সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন সাবেক এই রাষ্ট্রপতি। সেখান থেকে সড়ক পথে নগরীর জিইসি এলাকায় তারকা হোটেলে পেনিনস্যুলায় পৌঁছান। সকাল ১১টায় ইউনিয়ন ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় যোগ দিয়েছেন। সভা শেষে দুপুর ২টায় নগরীর মুরাদপুর দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
বিকেলে ৪ টায় চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। সফরকালে সাবেক এই রাষ্ট্রপতির সঙ্গে পার্টির মহাসচিব জিয়া উদ্দিন আহমেদ বাবলু, ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিমসহ দলের অন্যান্য নেতারা রয়েছেন। দলীয় সূত্রে জানা গেছে, দলীয় কার্যালয়ে মতবিনিময় সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়র প্রার্থী নির্ধারণের বিষয়ে আলোচনা হবে। বৈঠকেই মূলত প্রার্থী নির্ধারণ করবেন দলের চেয়ারম্যান। চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাপে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান মোরশেদ মুরাদ ইব্রাহিম ও জাতীয় পার্টির নেতা সোলায়মান আলম শেঠ।




