এবারের বিশ্বকাপ আসরে প্রথম অঘটনের জন্ম দিল আয়ারল্যান্ড। ফেভারিট ক্যারিবীয়দের উড়িয়ে দিলো আন্ডারডগ আইরিশরা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪ উইকেটে ম্যাচটি সহজেই জিতে নিয়েছে আইসিসির সহযোগী দেশটি। আইরিশরা যেভাবে পুরো খেলার নিয়ন্ত্রণ করে বিজয়ের হাসি হেসেছে সে বিবেচনায় বলতেই হয় ওয়েস্ট ইন্ডিজের জয়টাই সবাইকেই অবাক করতো।
টসে জিতে আয়ারাল্যান্ড ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। আগে ব্যাট করে লিন্ডন সিমন্স এবং ড্যারেন সামির ১৫৪ রানের পার্টানারশিপের কল্যানে সাত উইকেটে ৩০৪ রান জমা করে স্কোর বোর্ডে। সিমন্স খেলেন ১০২ রানের ইনিংস। দুই ব্যাটসম্যান এড জয়েস এবং পল স্টার্লিংয়ের দুটো অসাধারণ ইনিংসের উপর ভর করে ৩০৫ রানের টার্গেট ২৫ বল হাতে রেখেই সহজেই তাড়া করলো আয়ারল্যান্ড।




