বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মোসাদ্দেক আলী ফালুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার রাত ৮টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তথ্য পাচারের অভিযোগে তাকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা যায়, রোববার সন্ধ্যা ৭টায় মোসাদ্দেক আলী ফালু গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। দেখা করে ৭টা ৫৫ মিনিটে কার্যালয় থেকে বেরিয়ে নিজ গাড়িতে ওঠেন। এ সময় ডিবির দুই কর্মকর্তাও জোরপূর্বক ওই গাড়িতে ওঠেন। এরপরই গাড়িসহ তাকে ডিবি কার্যালয়ে নেয়া হয়। তার গাড়ির সামনে ও পেছনে পুলিশের গাড়ি ছিল। এর আগে গুলশান কার্যালয়ে মোসাদ্দেক আলীর আসার খবর পেয়েই ডিবির একটি দল সেখানে যায়। ডিবির অতিরিক্ত উপকমিশনার এমদাদ ওই দলের নেতৃত্ব দেন। সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান ও খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর লাশের সঙ্গে মালায়েশিয়ায় ছিলেন মোসাদ্দেক আলী ফালু। কোকোর লাশ বহনকারী মালায়েশিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইট গত মঙ্গলবার বেলা ১১টা ৩৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে। কোকোর লাশের সঙ্গে দেশে আসেন ফালু। সেখান থেকে লাশ সরাসরি নেয়া হয় গুলশান কার্যালয়ে। সে সময়ও তিনি সঙ্গে ছিলেন। ওই দিন রাতেই বনানী কবরস্থানে কোকোর লাশের দাফন সম্পন্ন হয়। শোকাহত খালেদা জিয়াকে সহমর্মিতা জানাতেই রোববার সন্ধ্যায় কার্যালয়ে যান তিনি।



