আহত পাঁচ পুলিশ সদস্য হলেন- বাস চালক কনস্টেবল মোর্শেদ (৫০), কনস্টেবল মোহাম্মদ লিখন (২৫), কনস্টেবল বদিয়ার (২৫), কনস্টেবল শামীম (২৫) ও উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ (৪৫)। এদের মধ্যে মোর্শেদের মাথার চুল, হাত ও মুখমণ্ডলের একাংশ পুড়ে গেছে। আর মাথায় আঘাত পেয়েছেন শামীম।
মোর্শেদ ও আবুল কালাম আজাদ জানান, পিজি ও বারডেম হাসপাতালে দিনের বেলা দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নিয়ে রাজারবাগ যাওয়ার পথে দুর্বৃত্তরা এ পেট্রোল বোমা নিক্ষেপ করে। জানা যায়, ৫২ সিটের ওই বাসে ৩৫-৪০ জন পুলিশ সদস্য ছিলেন। বাসচালক কনস্টেবল মোর্শেদ বলেন, আইইবির সামনে দিয়ে যাওয়ার সময় আমাদের গাড়ির পাশ দিয়ে একটি মোটরসাইকেল অতিক্রম হতে দেখি, তখনই পেছন ফিরে দেখি দুর্বৃত্তদের পেট্রোল বোমায় গাড়িতে আগুন ধরে গেছে। এরপর গাড়ি প্রায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহবাগ থানার ওসি (তদন্ত) একে সাইদুল হক ভূইয়া।




