রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদরাজনীতিআ'লীগের অধীনে নির্বাচনে কারচুপির আশংকা সত্য প্রমাণিত হয়েছে: ফখরুল

আ’লীগের অধীনে নির্বাচনে কারচুপির আশংকা সত্য প্রমাণিত হয়েছে: ফখরুল

আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে কারচুপির যে আশংকা করা হয়েছিল তা সত্য প্রমাণিত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত প্রস্তাবগুলো তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের অধীনে নির্বাচন নিয়ে বিএনপি যে কারচুপির আশঙ্কা করেছিল, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের কথায় তা সত্য বলে প্রমাণিত হলো।

উল্লেখ্য, গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক আলোচনা সভায় ৫ জানুয়ারির নির্বাচনে পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, নির্বাচনের সময় আমি তো প্রত্যেকটি উপজেলায় কথা বলেছি, সব জায়গায় আমাদের যারা রিক্রুটেড, তাদের সঙ্গে কথা বলে, তাদেরকে দিয়ে মোবাইল কোর্ট করিয়ে আমরা নির্বাচন করেছি। তারা আমাদের পাশে দাঁড়িয়েছে, বুক পেতে দিয়েছে। স্থায়ী কমিটির বৈঠকের বিষয়ে বিএনপির মুখপাত্র বলেন, বৈঠকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্র দাখিলের ব্যাপারে তীব্র নিন্দা জানানো হয়েছে। বিএনপি মনে করে, ১০ বছর পর তৃতীয়বারের মতো অভিযোগপত্র দিয়ে সিলেটের মেয়র আরিফুল হক ও হবিগঞ্জের মেয়রকে রাজনৈতিক কারণে জড়ানো হয়েছে। তবে হারিছ চৌধুরী ও লুৎফুজ্জামান বাবরের বিষয়ে কিছু বলেননি তিনি।

বৈঠকের বিষয়ে মির্জা ফখরুল আরো জানান, ৮ নভেম্বর ঢাকায় সমাবেশ করতে না দেয়া এবং পরবর্তী সময়ে ৯ নভেম্বর বিএনপির কর্মসূচিতে বিভিন্ন জায়গায় পুলিশের হামলা চালানোর ঘটনায় নিন্দা জানানো হয়েছে। এছাড়া জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন নেতাদের বক্তব্যের নিন্দা জানানো হয়।বিএনপির আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি আন্দোলনের মধ্যেই আছে। শিগগিরই কর্মসূচি দেয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ