সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সাবেক একান্ত সচিব হারিছ চৌধুরীসহ ৯জনকে অভিযুক্ত করে তৃতীয় দফার সম্পূরক অভিযোগপত্র দাখিল করা হয়েছে। বৃহস্পতিবার হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে মামলার পঞ্চম তদন্তকারী কর্মকর্তা সিলেট অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেরুন্নেসা পারুল এই অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বিএনপি নেতা হারিছ চৌধুরী, হবিগঞ্জের সাবেক মেয়র গোলাম কিবরিয়া গউস এবং সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৯জনকে আসামি করা হয়েছে। তাদের বিরুদ্ধে বোমা হামলা ও হত্যার অভিযোগ আনা হয়েছে।
শাহ এ এম এস কিবরিয়া ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে ঈদ-পরবর্তী জনসভা শেষে বের হওয়ার পথে গ্রেনেড হামলায় শিকার হন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান। এ গ্রেনেড হামলায় আরো পাঁচজন নিহত ও শতাধিক আহত হন। এ ঘটনায় হবিগঞ্জ-১ আসনের বতর্মান সাংসদ আবদুল মজিদ খান বাদী হয়ে হত্যা ও বিস্ফোরকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা করেন।



