ছাত্রদলের নেতৃত্ব ছাত্রদের হাতে নেই। ছাত্রদের বাবারা ছাত্রদলের নেতৃত্ব দেয়; যার জন্য এখন বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। বিএনপি যদি নিজের দল সামলাতে পারে না, তাহলে তারা দেশ চালাবে কী করে! সোমবার দুপুরে সেগুনবাগিচার খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে স্বাধীনতা পরিষদের আলোচনা সভায় এ সব কথা বলেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ, এমপি। তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দৈন্যতা এতটা নিচে নেমেছে যে, তারা আন্তর্জাতিক অঙ্গনে দেশের দুই রাজনৈতিক ব্যক্তিত্ব স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী (কমনওয়েলথ পার্লামেন্ট অ্যাসোসিয়েশনর (সিপিএ) চেয়ারপার্সন ও সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী ইন্টারপার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সভাপতি নির্বাচিত হলেও অভিনন্দন জানায়নি।
হাছান মাহমুদ বলেন, বিএনপি আন্দোলনের হুমকি দিচ্ছে। অথচ তাদের দলের নেতাকর্মীরাই তাদের অবরুদ্ধ করে রাখেন। দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইলে জনগণ তাদের অবরুদ্ধ করে রাখবে। আলোচনা সভার সভাপতিত্ব করেন- সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিক।



