বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আশ্বাসে রোববারের মত আন্দোলন-কর্মসূচি স্থগিত করেছেন ছাত্রদলের পদবঞ্চিত নেতাকর্মীরা। এর আগে বিকেল সোয়া ৫টায় ছাত্রদলের পদবঞ্চিত কয়েকজন নেতার সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তৃতীয় তলায় মির্জা ফখরুলের কক্ষে অনুষ্ঠিত হয় এই বৈঠক। বৈঠকে পদবঞ্চিত নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন গত কমিটির নেতা রাকিবুল ইসলাম রয়েল, তরিকুল ইসলাম টিটু, মশিউর রহমান মিশু, শামসুজ্জামান খোকন ও রফিকুল ইসলাম।
এ সময় পদবঞ্চিত নেতাকর্মীরা মির্জা ফখরুলের সামনে তাদের বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরেন। পকেট কমিটি গঠনের অভিযোগে বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী অ্যানি এবং সহ ছাত্রবিষয়ক সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুর বহিষ্কারও দাবি করেন তারা। পাশাপাশি তারা বর্তমান কমিটি ভেঙ্গে গণতান্ত্রিক উপায়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।
মির্জা ফখরুল এ সময় তাদের বক্তব্য শোনেন এবং তাদের আশ্বস্ত করে বলেন, রোববার রাতে পদবঞ্চিতদের দাবি-দাওয়াগুলো বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সামনে তুলে ধরা হবে। বৈঠক শেষে আজকের মত বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন পদবঞ্চিতরা। রাকিবুল ইসলাম রয়েল সাংবাদিকদের বলেন, আজকে দেখা হবে। পরবর্তীতে পরিস্থিতি বুঝে কর্মসূচি গ্রহণ করা হবে।
উল্লেখ্য, ছাত্রদলের নবঘোষিত কমিটির নেতাকর্মীদের সঙ্গে পদবঞ্চিতদের সংঘর্ষে রোববার দুপুরে রণক্ষেত্রে পরিণত হয় নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়। উভয় পক্ষের সংঘর্ষের সময় বিএনপির দলীয় কার্যালয়ের নিচতলায় ব্যাপক ভাঙচুর চালানো হয়। এ সময় বিস্ফোরিত ককটেলে আহত হন বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী। পরে পদবঞ্চিতদের ধাওয়া খেয়ে পালিয়ে যান ছাত্রদলের নবগঠিত কমিটির নেতাকর্মীরা। পরে পদবঞ্চিত নেতাকর্মীরা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান গ্রহণ করে প্রতিবাদ বিক্ষোভ ও স্লোগান চালিয়ে যান।
এ সময় তারা বিএনপির ছাত্র বিষয়ক ও সহ-ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি ও সুলতান সালাহউদ্দিন টুকুর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি কমিটি ভেঙ্গে নতুন কমিটি দেয়ার জন্যও বিএনপির শীর্ষ নেতৃত্বের প্রতি আহ্বান জানান। বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা এ সময় পদবঞ্চিতদের তোপের মুখে পড়েন।
উল্লেখ্য, গত ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণার পর থেকেই পদবঞ্চিতদের ব্যানারে মাঠে নামে কমিটিতে অসন্তুষ্ট ও বাদপড়া ছাত্রদল নেতাকর্মীরা। শনিবারও তারা বিএনপির কেন্দ্রীয় কার্যালয় অবরোধ করে রেখে ছাত্রদলের কেন্দ্রীয় অফিসে তালা দেয়।




