ভারতের বর্ধমানে বোমা বিস্ফোরণের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংশ্লিষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, জঙ্গি তৎপরতার জন্য দেশের এক ইঞ্চি জমিও ব্যবহার করতে দেওয়া হবে না। বুধবার সচিবালয়ে নিজ দফতরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ কথা বলেন। গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে দুই বাংলাদেশি জঙ্গি নিহত হয়েছে বলে অভিযোগ ওঠে। অপরদিকে গত সপ্তাহে বর্ধমানে বোমা বিস্ফোরণের পেছনে বাংলাদেশের জঙ্গিদের হাত রয়েছে বলেও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।
এ প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, গত ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানে খয়রাগড়ায় বোমা বানাতে গিয়ে দুই বাংলাদেশি জঙ্গি নিহত হয়। গণমাধ্যম ও লোকমুখে শুনেছি, তারা দু’জনই বাংলাদেশি। ভারতের একটি পত্রিকার সম্পাদক ফোন করে বিষয়টি আমাকে জানিয়েছেন। আমি তাকে বলেছি, নিহত ওই দুই জঙ্গি বাংলাদেশি কিনা তা যাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। জঙ্গিদের ছাড় দেওয়া হবে না। বাংলাদেশের কোনো ভূমি জঙ্গিদের ব্যবহার করতে দেওয়া হবে না বলেও ওই সম্পাদককে জানান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। প্রতিমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত সরকার অফিসিয়ালি এখনো কিছু জানায়নি। অফিসিয়ালি জানানোর পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সুন্দরবনে ১৩ জন জলদস্যুর নিহত হওয়ার বিষয়ে স্বরাষ্ট প্রতিমন্ত্রী বলেন, তারা কাসেম বাহিনীর সদস্য। গ্রামবাসী তাদের ওপর অতিষ্ঠ ছিল। তাই তাদের ধাওয়া করে। পরে পুলিশে আসলে তারা বনে চলে যায়। পুলিশ বনে গেলে জলদ্যস্যুদের সঙ্গে বন্দুকযুদ্ধে ১৩ জন জলদস্যু নিহত হয়। এ সময় কয়েকজন পুলিশ সদস্যও আহত হন।




