সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনসংসদীয় কমিটিতে অভিযোগ : মহিউদ্দিন চৌধুরী ব্যক্তিস্বার্থ উদ্ধারে আন্দোলন করছেন

সংসদীয় কমিটিতে অভিযোগ : মহিউদ্দিন চৌধুরী ব্যক্তিস্বার্থ উদ্ধারে আন্দোলন করছেন

চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ব্যক্তিস্বার্থ উদ্ধারে চট্টগ্রাম বন্দর রক্ষার আন্দোলন করছেন বলে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির কয়েকজন সদস্য অভিযোগ করেছেন। বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে তাঁরা এ অভিযোগ করেন। এর পরিপ্রেক্ষিতে কমিটি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করার সিদ্ধান্ত নিয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য আবদুল হাই সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে বলেন, সাইফ পাওয়ারটেকের কার্যক্রম নিয়ে সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরীর আন্দোলনের বিষয়ে কমিটির কাছে যে অভিযোগ এসেছে, তার পরিপ্রেক্ষিতে কমিটি বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত দেবেনে, সে অনুযায়ী কমিটি ব্যবস্থা নেবে। আবদুল হাই জানান, চট্টগ্রামের সাংসদ সামশুল হক চৌধুরী এ বিষয়ে কমিটির কাছে লিখিত অভিযোগ করেছেন।

বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, বেসরকারি বার্থ অপারেটর প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের সিসিটি (চিটাগাং কন্টেইনার টার্মিনাল), এনসিটির আংশিক (নিউ মুরিং কনটেইনার টার্মিনাল) ও আইসিডি (ইনল্যান্ড কনটেইনার ডিপো) পরিচালনা করে। সম্প্রতি বন্দর রক্ষা পরিষদের আহ্বায়ক মহিউদ্দিন চৌধুরী সাইফ পাওয়ারটেককে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সংসদীয় কমিটির সদস্য আনোয়ারুল আজিম সংবাদ ব্রিফিংয়ে লিখিত বক্তব্য সরবরাহ করেন। তাতে বলা হয়েছে, চট্টগ্রাম বন্দরের সুনাম নষ্ট এবং উন্নয়নকে বাধাগ্রস্ত করতে মহিউদ্দিন চৌধুরী বন্দর রক্ষার নামে আন্দোলন করছেন। ব্যক্তিস্বার্থ উদ্ধারের এই আন্দোলন দেশ ও জাতির স্বার্থের পরিপন্থী। আরও বলা হয়েছে, এভারেস্ট এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান বন্দরের জিসিবি এলাকায় কন্টেইনার হ্যান্ডলিং করে। এই প্রতিষ্ঠানটির লুটপাটের কারণে প্রতিমাসে বন্দরের ৫০ লাখ টাকার ক্ষতি হচ্ছে।

রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল হাই, হাবিবর রহমান, আনোয়ারুল আজীম প্রমুখ অংশ নেন। বৈঠকে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন চট্টগ্রামের সাংসদ আফছারুল আমীন, এ বি এম ফজলে করিম চৌধুরী, নজরুল ইসলাম চৌধুরী, সামশুল হক চৌধুরী, মাহাফুজুর রহমান ও মুস্তাফিজুর রহমান চৌধুরী।

  • বিষয়:
  • top
আরও পড়ুন

সর্বশেষ