সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপনের শুরুতেই জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া। বৃহস্পতিবার বিকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশে তিনি বলেন, এই বিল উত্থাপনের সময় আইনমন্ত্রী সংসদে বলেছেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাত থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে ন্যস্ত করেছিলেন। তার এই বক্তব্য সত্য নয়।
‘১৯৭৫ সালের জানুয়ারিতে সংবিধানের চতুর্থ সংশোধনীর মাধ্যমে বাকশাল কায়েমের পর বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাত থেকে রাষ্ট্রপতির হাতে চলে যায়। সেই হিসাবে জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর সেটি তার হাতেই থাকার কথা ছিলো। কিন্তু জিয়াউর রহমান তা না করে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়ালের হাতে ন্যস্ত করেন।’ আমরা মনে করি, এই বিলটি উত্থাপনের শুরুতেই আইনমন্ত্রী জনগণের সঙ্গে প্রতারণা করেছেন, যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় সরকারের ঘরে আগুন লেগেছে দাবি করে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, আওয়ামী লীগের লোকজনই এখন তাদের দলের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে।
বিকালে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেওয়ার উদ্যোগের প্রতিবাদে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট প্রতিবাদ সমাবেশ করে।




