ঢাকা আলিয়া মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার হাজিরাকে কেন্দ্র করে নেতাকর্মীদের উপর পুলিশি হামলা এবং বগুড়ার বিএনপি কার্যালয়ে হামলা, ভাংচুরের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে জেলা সদর ও মহানগরে প্রতিবাদ মিছিলের ঘোষণা দিয়েছে দলটি। বুধবার সন্ধ্যা ৭টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।
আলিয়া মাদ্রাসা এলাকায় হামলা ও গ্রেফতারের ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে রুহুল কবির রিজভী একে ‘পূর্বপরিকল্পিত সাজানো নাটক’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সরকার ক্ষমতায় টিকে থাকার জন্যই করেছে। এভাবে শুধু বিএনপি নেতাকর্মীদের উপরেই নয়, যে কোনো সাধারণ মানুষ যখন সরকারের অন্যায়-অনাচারের বিরুদ্ধে রাজপথে নামে তখনি সরকার তাদের উপর হামলা ও নির্যাতন চালায়। এমনকি মুসুল্লিদের উপর হামলা, নির্যাতন ও গ্রেফতার চালায় এই সরকার।’
বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা এই যুগ্ম-মহাসচিব বলেন, সরকার আসলে ক্ষমতায় টিকে থাকার জন্য দেশের মানুষকে যাঁতাকলের মধ্যে ফেলে রাখার চেষ্টা করছে। এ কারণেই এই হামলা করেছে পুলিশ। আজকে সরকার এতই ভীত যে, যেখানেই মানুষ দেখে সেখানেই তারা ঝাঁপিয়ে পড়ে। কারণ এই সরকারের কোনো জনসম্পৃক্ততা নেই, তাদের সঙ্গে কোনো মানুষ নেই, বলেন রিজভী।
তিনি আরো বলেন, আলিয়া মাদ্রাসায় পুলিশের পুরুষ সদস্যরা দলের নারী নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে। যা ন্যক্কারজনক, ইতিপূর্বে এ ধরনের ঘটনা এদেশে আর ঘটেনি। এই হামলায় দলের ২০-২৫ নেতাকর্মী আহত হয়েছেন দাবি করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, এছাড়াও ঢাকায় ও বগুড়ায় ৪ দলীয়কর্মীকে গ্রেফতার করা হয়েছে। তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেন। এ সময় তিনি বগুড়া জেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাংচুরের জন্য স্থানীয় আওয়ামী লীগ ও পুলিশকে দায়ী করেন।
রিজভী সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, মানুষকে কথা বলতে না দিলে, মানুষ এমনভাবে রাস্তায় দাঁড়াবে যে, আপনারা পালানোর পথ পাবেন না। দেশের মানুষ আজ এমনটাই ক্ষুব্ধ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানা, ঢাকা মহানগর কমিটির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন প্রমুখ।




