চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার শেরশাহ এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে মিরাজ উদ্দিন (২০) নামে একজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার রাত পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বায়েজিদ বোস্তামি থানার এস আই খান শরীফ বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত আলাউদ্দিন গ্রুপ ও আনোয়ার গ্রুপ আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে একজন নিহত হয়েছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে।
আহতরা হলেন, মো.রহিম (৩০), নূর হোসেন (২৭) এবং আনোয়ার হোসেন (১৮)। এদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে রহিমের অবস্থা আশংকাজনক বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই পংকজ বড়ুয়া। নিহত মিরাজ উদ্দিন শেরশাহ ঢেবারপাড় বাংলাবাজার এলাকার জনৈক আমিনুল হকের ছেলে। তবে মিরাজ পথচারী নাকি আওয়ামী লীগের কর্মী তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা বায়েজিদ বোস্তামি থানার এস আই খান শরীফ বলেন, আমরা হতাহতদের পরিচয়সহ সার্বিক বিষয় খতিয়ে দেখছি।




