সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়ভোটবিহীন নির্বাচনে অংশ নিইনি বলে আমি বিরোধী দলের নেত্রী নই : খালেদা...

ভোটবিহীন নির্বাচনে অংশ নিইনি বলে আমি বিরোধী দলের নেত্রী নই : খালেদা জিয়া

নিজেকে দেশের ৯৫ শতাংশ জনগণের নেত্রী দাবি করে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা তো ভোটবিহীন নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন। সংসদের স্পিকারও ভোটবিহীন। ভোটবিহীন নির্বাচনে অংশ নিইনি বলে আমি বিরোধী দলের নেত্রী নই। কিন্তু আমি দেশের ৯৫ শতাংশ জনগণের নেত্রী। সোমবার রাতে নিজের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

সম্প্রতি মিরপুরের কালশীতে সংঘর্ষে ১০ জন বিহারীর মৃত্যুর ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, এ ঘটনার সঙ্গে স্থানীয় সংসদ সদস্য ইলিয়াস মোল্লা দায়ী। অবিলম্বে তাকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক।

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার সত্য শুনতে পারে না, সত্য বলতে পারে না, কাউকে সত্য বলতেও দেয় না। এটাই তাদের চরিত্র। তারা যতদিন সরকারে থাকবে সারাদেশে জনগণ, সাংবাদিকদের উপর হামলা-হত্যা-গুম চলবেই। সারাদেশ এখন এক মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। এখন আমাদের ভাবতে হবে তাদের হাত থেকে দেশকে কীভাবে বাচাঁনো যায়।

মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গনি, তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন। সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) ভারপ্রাপ্ত মহাসচিব এমএ আজিজ, সভাপতি রুহুল আমিন গাজী,  ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশে) সভাপতি কবি আব্দুল হাই শিকদার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, দৈনিক ইনকিলাব পত্রিকার সাংবাদিক রফিক মুহাম্মদ, আমার দেশ পত্রিকার সাংবাদিক কাদের গণি চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ