রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদআরো খবর......জাতিসংঘের শান্তিরক্ষায় যোগ দিতে পুলিশের ১৫৫ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘের শান্তিরক্ষায় যোগ দিতে পুলিশের ১৫৫ সদস্যের ঢাকা ত্যাগ

জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে যোগ দিতে বাংলাদেশ পুলিশের ১৫৫ জন সদস্য ঢাকা ত্যাগ করেছেন। সোমবার সকালে জাতিসংঘের একটি ভাড়া করা প্লেনে হাইতির উদ্দেশ্যে রওনা হন তারা। পুলিশ সদর দপ্তরের এআইজি ( মিডিয়া) জালাল উদ্দিন আহমেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, হাইতি মিশনে যোগ দিতে ১৪০ জন পুরুষ এবং ১৫ জন নারী সদস্য ইতোমধ্যে ঢাকা ত্যাগ করেছেন। পুলিশ সুপার হাসান মো. শওকত আলী কমান্ডার হিসেবে দলের দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্ট সূত্র মতে, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক পুলিশ প্রেরণকারী দেশ বাংলাদেশ। বাংলাদেশ পুলিশের পেশাদার সদস্যরা দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অত্যন্ত সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও বিশ্বের বিভিন্ন মিশন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ জাতি গঠনমূলক কাজে অংশগ্রহণের মাধ্যমে বিবদমান পক্ষগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছেন তারা। যা দেশের জন্য বয়ে আনছে বিরল সম্মান। একই সঙ্গে তাদের অর্জিত রেমিট্যান্স দেশের অর্থনৈতিক অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

বর্তমানে কঙ্গো, দক্ষিণ সুদান, দারফুর, আইভরি কোস্ট, মালি ও হাইতিসহ বিভিন্ন শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের এক হাজার সাতশ’ জন সদস্য সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন

সর্বশেষ