চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)
চট্টগ্রামে সাতদিন ধরে নিখোঁজ পলাশ ধরকে (৩৮) অক্ষত অবস্থায় ফেরত পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন তার স্ত্রী নীপা ধর। রোববার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নীপা কান্নায় ভেঙ্গে পড়ে বলেন, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে আমার একটাই অনুরোধ-আমার অবুঝ দুই সন্তানের মুখের দিকে চেয়ে আমার স্বামীকে অক্ষত অবস্থায় উদ্ধারের ব্যবস্থা করুন। পুলিশ প্রশাসনকে আমাদের প্রতি সহায় হওয়ার অনুরোধ জানাচ্ছি। আমার স্বামীকে আমি জীবিত অবস্থায় ফেরত চাই।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি, চট্টগ্রাম শাখা এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক সুজিৎ বরণ ধর। পলাশ ধরকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে দাবি করে সুজিৎ বরণ ধর বলেন, আমরা পলাশ ধরকে জীবিত অবস্থায় ফেরত চাই। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি, তাকে যেন অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হয়।
পলাশ ধরকে উদ্ধারের দাবিতে সোমবার বিকেল ৪টায় চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট হল প্রাঙ্গণে সমিতির পক্ষ থেকে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানান। পলাশ ধর নগরীর চকবাজার ধুনিরপুল এলাকার এস এন জুয়েলার্সের মালিক। তাদের বাসাও একই এলাকায়।
সংবাদ সম্মেলনে নীপা ধর জানান, ১২ মে বিকেল ৫টার দিকে পলাশ ধর মেয়ের জন্য চর্মরোগের স্বপ্নীয় ওষুধ আনতে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করেন। রাতে স্ত্রীকে দু’বার দু’টি নম্বর থেকে ফোন করে জানায়, তার মোবাইল হারিয়ে গেছে। পরদিন তার ফিরে আসার কথা থাকলেও গত দু’দিন ধরে পরিবারের সঙ্গে তার আর কোন যোগাযোগ নেই। এমনকি যেসব নম্বর থেকে পলাশ ধর ফোন করেছিলেন সেগুলোও বন্ধ পাওয়া যাচ্ছে। এ ঘটনায় পলাশের ছোট ভাই শিমুল ধর ওইদিন রাতে নগরীর চকবাজার থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
নীপা ধরও পলাশকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে বলে দাবি করেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে সে বিষয়ে তিনি কাউকে সন্দেহ করতে পারছেন না বলে জানিয়েছেন। এছাড়া কেউ তাদের কাছে কোন মুক্তিপণও দাবি করেনি বলে তিনি জানান।
নীপা বলেন, আমাদের অগাধ কোন সম্পদ নেই। আমার স্বামী বন্ধকি সোনার ব্যবসা করত। কারা তাকে অপহরণ করতে পারে, সেটা আমার মাথায় আসছেনা। চকবাজার থানায় বেশ কয়েকবার মামলা করার জন্য গেলেও থানা মামলা নেয়নি বলে অভিযোগ করেন নীপা।
এ বিষয়ে জানতে চাইলে চকবাজার থানার ওসি আতিক আহমেদ চৌধুরী বলেন, পলাশ ধরকে কেউ অপহরণ করেছে এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ তার পরিবার করতে পারছেনা। তিনি নোয়াখালী গিয়ে স্ত্রী এবং ভাইয়ের সঙ্গে কথা বলেছেন। মোবাইল ট্র্যাকিং করে দেখেছি তার অবস্থান এখন ফেনীতে। ঘটনাটি অপহরণ বলে নিশ্চিত হতে না পারায় আমরা মামলা নিচ্ছিনা।
সংবাদ সম্মেলনে নীপার সঙ্গে তার ছয় বছরের মেয়ে নির্ঝর ও দেড় বছরের মেয়ে ঈশিকা উপস্থিত ছিল। এছাড়া অন্যান্যের মধ্যে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিনিয়র সহ সভাপতি মৃণাল কান্তি ধর, সহ সভাপতি কামাল পাশা ও রুপন কান্তি ধর এবং অতিরিক্ত সাধারণ সম্পাদক স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন।




