বুধবার, অক্টোবর ২৮, ২০২৬
প্রচ্ছদআরো খবর......দলীয়ভাবে স্থানীয় নির্বাচনও হওয়া উচিৎ : সৈয়দ আশরাফ

দলীয়ভাবে স্থানীয় নির্বাচনও হওয়া উচিৎ : সৈয়দ আশরাফ

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

স্থানীয় নির্বাচনও দলীয়ভাবে হওয়া উচিৎ বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। আগামীতে উপজেলা, সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ নির্বাচনও দলীয়ভাবে করার সুযোগ তৈরি করে আইন সংশোধনের ইঙ্গিত দেন তিনি। সোমবার মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে এ ইঙ্গিত দেন আশরাফ।

বর্তমান আইনে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নির্বাচন দলীয়ভাবে হওয়ার সুযোগ না থাকলেও প্রার্থী মনোনয়ন থেকে শুরু করে সব পর্যায়ে রাজনৈতিক দলগুলোর তৎপরতা দেখা দেয়। চলমান উপজেলা পরিষদ নির্বাচনেও এই তৎপরতা দেখা গেছে, এর মধ্যেই ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক আইনি বিধিনিষেধ তুলে নেয়ার ইঙ্গিত দিলেন।
সোমবার মিরপুর থানা আওয়ামী লীগের সম্মেলনে বক্তব্যে সৈয়দ আশরাফ বলেন, “স্থানীয় নির্বাচনে কেউ দলীয় প্রতীক ও দলের নাম ব্যবহার করতে পারবে না কেন? কেন লুকোচুরি থাকবে? তিনি বলেন,“গণমাধ্যমে বলা হয়, আওয়ামী লীগ এত পেল, বিএনপি এত পেল। কী করে বুঝব যে এরা আওয়ামী লীগ, তারা বিএনপি।”
এই অবস্থার পরিবর্তনে প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন আইনটি পরীক্ষা করতে বলেছেন জানিয়ে মন্ত্রী বলেন, “স্থানীয় সরকারকে গতিময় করতে আইন সংশোধন জরুরি। আশা করি, শিগগিরই একটি ড্রাফট বিল সংসদে তুলতে পারব।”
স্থানীয় সরকারকে রাজনৈতিক শাসন ব্যবস্থায় বাইরে যারা রাখতে চান, তারা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করেন না বলে দাবি করেন আশরাফ। তিনি বলেন, “আমাদের দেশে দুই ধরনের শাসন শাসন ব্যবস্থা চলছে। একটা হচ্ছে সংসদীয় শাসন, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির শাসন। এক দেশে দুই ধরনের শাসন কেন থাকবে? “স্থানীয় সরকারে এখন ব্যক্তির শাসন চলে। সংসদীয় পদ্ধতিতে স্থানীয় নির্বাচন করতে হবে।”
আরও পড়ুন

সর্বশেষ