শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েখাগড়াছড়িতে মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়িতে মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের দায়ে আসামির মৃত্যুদণ্ড

খাগড়াছড়ির রামগড়ে দ্বিতীয় শ্রেণীর এক মাদরাসা ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের মামলায় আসামি মো. শাহিনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (৬ জুলাই) শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক শায়েলা শারমিন এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা গেছে, ট্রাইব্যুনাল গঠনের পর এটিই প্রথম মামলার রায়। অত্যন্ত দ্রুততার সাথে ঘটনার মাত্র ১১ মাস ১৪ দিনের মাথায় এ মামলার রায় দেওয়া হলো। মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষে ১০ জন এবং আসামিপক্ষে ৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে আদালত এ সিদ্ধান্ত নেন।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম ইসলামিয়া দাখিল মাদরাসার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল। ঘটনার দিন দুপুরে মাদরাসা ছুটির পর বাড়ি ফেরার পথে নাকাপা বাজারস্থ ‘মিম হোটেল’ নামক দোকানের সামনে পৌঁছালে দোকানি শাহিন তাকে ডেকে ভেতরে নিয়ে যান। আসামি পূর্ব পরিচিত ও স্থানীয় বাসিন্দা হওয়ায় সম্পর্কসূত্রে ‘নাতিন’ ডেকে প্রথমে তাকে দোকানে বসিয়ে বিস্কুট ও কেক খেতে দেন।

দোকান থেকে বের হতে দেরি হওয়ায় ভিকটিমের সহপাঠীরা তাকে রেখে চলে যায়। পরবর্তীতে দোকানে কোনো ক্রেতা বা লোকজনের উপস্থিতি না থাকার সুযোগে, আসামি শাহিন ভিকটিমকে দোকানের পেছনের অংশে বেড়ার আড়ালে নিয়ে ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ ঘটনায় রামগড় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছিল।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সৃজনী ত্রিপুরা। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বেদারুল ইসলাম এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ