স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার। তিনি জানিয়েছেন, আগামী জুন-জুলাইয়ের মধ্যেই ‘হেলথ কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে, যার মাধ্যমে নাগরিকরা সুলভ মূল্যে সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে পারবেন।
মঙ্গলবার (১২ মে) সকালে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সম্মেলনকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. জিয়াউদ্দিন হায়দার বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। এই সেবা আরও সহজ, আধুনিক ও কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। হেলথ কার্ড’ চালু হলে সাধারণ মানুষ সহজে সরকারি চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন।
তিনি বলেন, দেশের কমিউনিটি ক্লিনিকগুলোতে সেবার মান আরও বাড়াতে হবে। পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় ওষুধ ও আধুনিক প্রযুক্তি নিশ্চিত করা গেলে প্রান্তিক জনগোষ্ঠী দ্রুত স্বাস্থ্যসেবা পাবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ও মেডিকেল টেকনিশিয়ানের সমন্বয়ে ২৪ ঘণ্টা জরুরি স্বাস্থ্যসেবা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
নার্সিং পেশার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী বলেন, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের নার্সরা বিদেশেও কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
চিকিৎসা শিক্ষা নিয়ে তিনি বলেন, দেশের মেডিকেল শিক্ষাব্যবস্থাকে মুখস্থনির্ভর ধারা থেকে বের করে গবেষণা ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি সবার জন্য সহজ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনাও করছে। এর মাধ্যমে মানুষ নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার সুযোগ পাবেন।
সভায় সভাপতিত্ব করেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর। বিশেষ অতিথি ছিলেন শেরে-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের অধ্যাপক ডা. এস. এম. খালিদ মাহমুদ শাকিল এবং শেবাচিমের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ মাহমুদ হাসান। সভায় চিকিৎসক, নার্স ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
একই দিন দুপুরে বরিশাল সার্কিট হাউজ মিলনায়তনে নগরীর বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আরেকটি মতবিনিময় সভায় অংশ নেন ড. জিয়াউদ্দিন হায়দার। সেখানে তিনি বরিশাল নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তি ব্যবহার এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।
সভায় বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন, জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন, সিভিল সার্জন ডা. এস এম মনজুর-এ-এলাহীসহ প্রশাসনের কর্মকর্তা, নাগরিক প্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। সভায় নগরীকে পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে বিভিন্ন পরামর্শ তুলে ধরা হয়।




