জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিবারের স্থায়ী বাসস্থান নির্মাণসহ মোট ১৭টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। ১৫ হাজার ৩৮৩ কোটি ৫১ লাখ টাকা ব্যয় সম্বলিত এসব প্রকল্পের মধ্যে সরকারের অর্থায়ন ৯ হাজার ৪৫১ কোটি ৮৪ লাখ টাকা, প্রকল্প ঋণ ৫ হাজার ৬০৯ কোটি টাকা ৭০ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন ৩৭৯ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে নতুন প্রকল্প ১২টি এবং সংশোধিত প্রকল্প ৫টি।
সোমবার (০১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা এবং একনেক- এর চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে এসব তথ্য তুলে ধরেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সভায় পরিকল্পনা উপদেষ্টা কর্তৃক ইতোমধ্যে অনুমোদিত ৫০ কোটি টাকার কম ব্যয় সম্বলিত ১৫টি প্রকল্প সর্ম্পকে একনেক সভায় অবহিত করা হয়।
সেগুলো হলো: ১. বাংলাদেশ বেতার, চট্টগ্রাম কেন্দ্র আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন (১ম সংশোধিত) প্রকল্প ২. কুমিল্লা জেলাস্থ, মুরাদনগর উপজেলায় বিদ্যমান মিনি স্টেডিয়াম উন্নয়ন, নোয়াখালী জেলাস্থ সেনবাগ উপজেলা স্টেডিয়াম উন্নয়ন এবং মাগুরা জেলা স্টেডিয়াম কমপ্লেক্সে ডরমিটরি ভবন নির্মাণ প্রকল্প ৩. দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট-৩য় পর্যায়) (২য় সংশোধিত) ৪. খুলনা পাবলিক কলেজ, বয়রা, খালিশপুর এর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ৫, ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্ট ডিজএ্যাবিলিটিজ (NAAND) (৩য় সংশোধিত) প্রকল্প ৬. ঢাকা মাদারীপুর ও রংপুর জেলার তিনটি কলেজের অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধন) প্রকল্প ৭. শহীদ মো. সামিদ হোসেন সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ, মুক্তাগাছা, ময়মনসিংহ (১ম সংশোধিত) ৮. নোয়াখালী জেলাস্থ শহীদ ভুলু স্টেডিয়াম এর অধিদপ্তর উন্নয়ন প্রকল্প ৯. বিয়াম ফাউন্ডেশন এর আওতায় প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরি ভবন নির্মাণ (১ম সংশোধিত) প্রকল্প ১০. কক্সবাজার জেলার বাংলাদেশ-মিয়ানমার এর সীমান্ত নিরাপত্তা উন্নত করার জন্য উখিয়া ও টেকনাফ উপজেলায় নাফ নদী বরাবর পোন্ডারসসমূহের (৬৭/এ, ৬৭, ৬৭/বি এবং ৬৮) পুনর্বাসন (২য় সংশোধিত) ১১, জবই বিল ও পার্শ্ববর্তী এলাকার বিলসমূহের মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ১২. গাজীপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন (১ম সংশোষিত) ১৩. পার্বত্য চট্টগ্রাম সবুজায়নের মাধ্যমে বন জীববৈচিত্র্য সমৃদ্ধকরণ ১৪, চাঁপাইনবাবগঞ্জ জেলার পৌর এলাকার নবাব খাল, নয়াগোল খাল এবং রেলওয়ের বরো পিট খনন/পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন প্রকল্প ১৫. দিনাজপুর পৌরসভার অবকাঠামো উন্নয়ন (২য় সংশোধিত)।
সভায় পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, খাদ্য এবং ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বরাষ্ট্র এবং কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.), শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।




