শনিবার, আগস্ট ১৫, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েনিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ আমরা চাই না : দিল্লিতে জাতীয়...

নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ আমরা চাই না : দিল্লিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

কলম্বো সিকিউরিটি কনক্লেভকে (সিএসসি) ‘উন্মুক্ত আঞ্চলিকতাবাদ’-এর ভিত্তিতে একটি উন্মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক আঞ্চলিক বহুপক্ষীয় সংস্থা হিসেবে গড়ে উঠতে দেখতে চায় বাংলাদেশ। পারস্পরিক আস্থা, সুবিধা ভাগাভাগি এবং কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে এ ফোরামকে এগিয়ে নেয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান।

২০ নভেম্বর দিল্লিতে সুষমা স্বরাজ ইন্সটিটিউটে সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলনে বক্তৃতাকালে তিনি এসব বলেন।

সম্মেলনের শুরুতে স্বাগতিক দেশ ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল বক্তৃতা দেন। তিনি বলেন, ‘মহাসাগর আমাদের সবচেয়ে বড় ঐতিহ্য এবং অর্থনীতির চালিকাশক্তি। সদস্যরাষ্ট্রগুলো অভিন্ন সামুদ্রিক মানচিত্র ভাগাভাগি করে বলেই আঞ্চলিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করা আমাদের যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, ভারত সদস্যদেশগুলোকে নিয়ে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।

বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেন, বঙ্গোপসাগরের উপকূলীয় রাষ্ট্র হিসেবে ভারত মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা ও সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের বিষয়। বৈশ্বিক জিডিপি, আন্তর্জাতিক বাণিজ্য, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত অগ্রগতি এবং কৌশলগত প্রভাব—এসব ক্ষেত্রেই ভারত মহাসাগরীয় অঞ্চলের সম্মিলিত অংশীদারত্ব আমাদের সামষ্টিক দৃষ্টিভঙ্গিকে নির্ধারণ করে।

তিনি আরও বলেন, বাংলাদেশ ধারাবাহিকভাবে এমন মূল্যবোধ অনুসরণ করে যা একটি স্বাধীন, উন্মুক্ত, শান্তিপূর্ণ, নিরাপদ এবং অন্তর্ভুক্তিমূলক ভারত মহাসাগর নিশ্চিত করার দৃষ্টিভঙ্গিকে সমর্থন করে।’ ‘জাতীয় সার্বভৌমত্ব ও সমতা, রাজনৈতিক স্বাধীনতা, অন্যের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, বিরোধের শান্তিপূর্ণ নিষ্পত্তি, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতিমালা—এসবকে অবশ্যই ভিত্তি হিসেবে থাকতে হবে,’ বলেন তিনি।

টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা, মানবিক সহায়তা এবং মৌলিক অধিকার রক্ষায় আঞ্চলিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিজেদের অভ্যন্তরীণ ইস্যুতে কোনো দেশের হস্তক্ষেপ আমরা চাই না।

আরও পড়ুন

সর্বশেষ