শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬
প্রচ্ছদদেশজুড়েবকেয়া পাওনা পরিশোধে শ্রমিকদের সঙ্গে নাসা গ্রুপের সমঝোতা চুক্তি

বকেয়া পাওনা পরিশোধে শ্রমিকদের সঙ্গে নাসা গ্রুপের সমঝোতা চুক্তি

নাসা গ্রুপের কারখানাসমূহে শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে ত্রি-পক্ষীয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) শ্রম ভবনে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নাসা গ্রুপের কারখানাসমূহের শ্রমিকের বকেয়া পাওনা পরিশোধের লক্ষ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। মালিক ও শ্রমিক পক্ষের স্বাক্ষরিত সমঝোতা চুক্তি অনুসারে কারখানার কর্তৃপক্ষ আগামী ১৫ অক্টোবর চলতি বছরের আগস্ট মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) এবং আগামী ৩০ অক্টোবর চলতি বছরের সেপ্টেম্বর মাসের বকেয়া বেতন-ভাতাদি (মজুরি) পরিশোধ করবেন।

এছাড়া প্রত্যেক পূর্ণ বছর চাকরির জন্য সার্ভিস বেনেফিট বাবদ ৩০ দিনের মূল মজুরি, মাতৃত্বকালীন ছুটির টাকা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী পরিশোধ করবেন। শ্রমিকদের এসব আইনানুগ পাওনাদি আগামী ৩০ নভেম্বর পরিশোধ করা হবে। কোনো শ্রমিককে ইন্টারনেট বা ডাটাবেজে ব্লাকলিস্ট করা যাবে না।

শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে গত ১৬ সেপ্টেম্বর বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৩তম সভার সিদ্ধান্তের ধারাবাহিকতায় নাসা গ্রুপের শ্রম অসন্তোষ নিরসনের জন্য কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শকের (যুগ্ম-সচিব) সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপর্যুক্ত সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে শ্রমিক প্রতিনিধি, কারখানা প্রতিনিধি, সরকার পক্ষ ও বিজিএমইএ-এর প্রতিনিধি স্বাক্ষর করেন।

এ সময় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী ও শিল্প পুলিশের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি, বিজিএমইএ এর সহ-সভাপতি নাসা গ্রুপের প্রতিনিধি এবং শ্রমিক ও মালিক পক্ষের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ