সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদআরো খবর......কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরের মাঝামাঝি সময়ে

কক্সবাজার বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরু অক্টোবরের মাঝামাঝি সময়ে

কক্সবাজার বিমানবন্দরে অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল শুরুর কথা জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী।

রবিবার, ১৭ আগস্ট দুপুরে কক্সবাজার বিমানবন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। পরিদর্শনকালে কক্সবাজার বিমানবন্দরের প্রকল্প পরিচালক মোহাম্মদ ইউনূছ ভুঁইয়া, বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মোর্তজা হাসানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকী বলেন, আমরা আজ বিমানবন্দরের দ্বিতীয় টার্মিনাল ও সাগরের বুকে নির্মিত হওয়া রানওয়ের কাজের অগ্রগতি পরিদর্শন করেছি। তাতে মনে হয়েছে আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে।

এক প্রশ্নের জবাবে বেবিচক চেয়ারম্যান বলেন, কত শতাংশ কাজ শেষ হয়েছে তা বলা না গেলেও অক্টোবরের মাঝামাঝি সময়ে আংশিকভাবে ফ্লাইট চলাচল শুরু করা সম্ভব হবে। যার জন্য আমাদের প্রস্তুতি প্রায় শেষের পথে।

প্রসঙ্গত, ২০০৯ থেকে ২০১৩ সালের মধ্যে কক্সবাজার বিমানবন্দরের উন্নয়নকাজ শুরু হয়। ২০১৫ সালে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কার্যক্রম শুরু হয়। বিমানবন্দরের বর্তমান ৯ হাজার ফুট দীর্ঘ রানওয়েকে মহেশখালী চ্যানেলের দিকে আরও ১ হাজার ৭০০ ফুট সম্প্রসারিত করে ১০ হাজার ৭০০ ফুটে উন্নীত করা হয়েছে। ১৭শ ফুট রানওয়ের ১৩শ ফুটই থাকবে সাগরে। এই প্রথমবারের মতো সমুদ্রের ভেতরে ব্লক তৈরি করে রানওয়ে সম্প্রসারিত হচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পর কক্সবাজার হবে ৪র্থ আন্তর্জাতিক বিমানবন্দর।

আরও পড়ুন

সর্বশেষ