রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদজাতীয়ইসরায়েলকে থামতে কড়া বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ

ইসরায়েলকে থামতে কড়া বার্তা দিয়েছেন সৌদি যুবরাজ

ইসরায়েলকে থামতে কড়া বার্তা দিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। শনিবার এক ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানকে তিনি জানিয়েছেন, ইরানে ইসরায়েলি হামলার ঘটনায় রাজতন্ত্রটি তীব্র নিন্দা জানাচ্ছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, যুবরাজ বলেছেন, এই হামলাগুলো ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকে খর্ব করেছে এবং আন্তর্জাতিক আইন ও নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, এই হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান সংলাপকে ব্যাহত করেছে এবং উত্তেজনা প্রশমনে কূটনৈতিক প্রচেষ্টা ও সমাধানে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। যুবরাজ জোর দিয়ে বলেন, বিরোধ নিষ্পত্তিতে বলপ্রয়োগ গ্রহণযোগ্য নয় এবং আলোচনার ভিত্তিতে মত পার্থক্যের সমাধান হওয়া উচিত।

ইসরায়েল শুক্রবার ইরানে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ ঘটনায় শীর্ষ সামরিক কর্মকর্তা, পারমাণবিক বিজ্ঞানী এবং অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাসহ ৭৮ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তেহরান। শনিবার উভয় দেশ একে অপরকে পাল্টা হামলা চালায়।

পেজেশকিয়ান সৌদি বাদশাহ সালমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হজ পালনে আসা ইরানি হাজিদের সেবার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ যে যত্নবান ছিল, তাতে তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এর আগে যুবরাজ মোহাম্মদ ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে ফোনালাপে ইরানে ইসরায়েলি হামলার পরিণতি নিয়ে আলোচনা করেন।

এসপিএ জানিয়েছে, এই আলোচনায় তারা মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করেন এবং উত্তেজনা প্রশমন ও বিরোধ নিষ্পত্তিতে কূটনৈতিক পথ অনুসরণে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর গুরুত্ব তুলে ধরেন।

আরও পড়ুন

সর্বশেষ