ইতালির রোম থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি ঘিরে পুরো প্লেনে তল্লাশি চালানো হয়েছে। তবে এতে বোমা ও বোমা সদৃশ কিছু পাওয়া যায়নি।
বুধবার (২২ জানুয়ারি) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোটা বিমান তল্লাশি করে কোন বোমা বা বোমাসদৃশ কিছু পাওয়া যায়নি। যাত্রীদের সব ব্যাগেজ চেক করা হয়েছে। কোথাও বিস্ফোরক বা কিছু পাওয়া যায়নি।
এ ঘটনার পর বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি বুধবার সকাল ৯টা ২০ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরের জরুরি অবতরণ করেছে। এরপর সকাল সাড়ে ১০টায় বোমা ডিসপোজাল ইউনিট প্লেনটির ভেতর প্রবেশ করে।
সূত্র জানিয়েছে, বোমা ডিসপোজাল ইউনিট প্লেনের ভেতরে সিট, করিডোর, টয়লেট, ক্যাফেতে তল্লাশি চালায়। যাত্রীদের জরুরি ভিত্তিতে নামানো হলেও তাদের হ্যান্ড ব্যাগেজ প্লেনেই রয়েছে। সেগুলো একে একে তল্লাশি করা হয়েছে।
এ ছাড়া যাত্রীদের টার্মিনাল ভবনে রাখা হয়েছে। কাউকে ইমিগ্রেশন করতে দেওয়া হয়নি। এয়ারক্রাফটটি পুরোপুরি নিরাপদ ঘোষণার আগ পর্যন্ত যাত্রীরা টার্মিনাল ভবনেই থাকবেন।




