চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা-২ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার (১৯ জানুয়ারি) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালত এ আদেশ দেন।
আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় সাকিবের বিরুদ্ধে। সাকিব ছাড়াও আরও দুই জনের বিরুদ্ধেও একই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। অন্য আসামিরা হলেন- অ্যাগ্রো ফার্ম লিমিটেডের এমডি গাজী শাহাগীর হোসাইন, প্রতিষ্ঠানটির পরিচালক ইমদাদুল হক ও মালাইকা বেগম।
গত ১৫ ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে আইএফআইসি ব্যাংকের পক্ষে শাহিবুর রহমান বাদী হয়ে মামলাটি করেছিলেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১৮ জানুয়ারি তাদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।




