বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন বলেছেন, বাজারে যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যস্ফীতি ঘটেছে তা মূলত সরবরাহ কেন্দ্রিক। সরবরাহ ব্যবস্থাকে উন্নত করার জন্য আমরা রাতদিন কাজ করছি। বাজারে স্বস্তি আনতে কাজ করছি। বুধবার সকালে ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনের সামনে টিসিবি কর্তৃক সাশ্রয়ী মূল্যে আলু বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা ভোগ্যপণ্য আমদানি এবং উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট তাদের পণ্য সরবরাহকে সহজ করার জন্য সবার সঙ্গে বৈঠক করছি। বিভিন্ন পণ্যে জাতীয় রাজস্ব বোর্ডের সহযোগিতায় আমদানি শুল্ক তাৎপর্যপূর্ণভাবে কমিয়ে আনা হয়েছে। টিসিবির ১ কোটি পরিবারের কার্যক্রম আরও বর্ধিত করার জন্য কাজ করা হচ্ছে।
ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে আলু বিক্রয় কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোহা. সেলিম উদ্দিন, মেসার্স আরশ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মো. সিরাজুল ইসলাম মিলনসহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে টিসিবির অন্যান্য পণ্যের সঙ্গে ৪০ টাকা কেজি দরে আলু বিক্রয় করা হয়।




