সোমবার, অক্টোবর ২৬, ২০২৬
প্রচ্ছদজাতীয়বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

বর্ষীয়ান নেত্রী মতিয়া চৌধুরীর জীবনাবসান

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।বুধবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এভারকেয়ার হাসপাতালের জেনারেল ম্যানেজার আরিফ মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে সকালে হাসপাতালে আনা হয়। আমরা ইসিজি করে চিকিৎসা কার্যক্রম শুরু করি। শেষ পর্যন্ত সব ধরনের চেষ্টা করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সফল হতে পারিনি। দুপুর ১২টা ৫৭ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মতিয়া চৌধুরীর পিএস শাহজালাল জানান, বেলা ১ টার দিকে এভারকেয়ার হাসপাতালে তার মৃত্যু হয়। তার দাফন কাফন নিয়ে এখনও সিদ্ধান্ত হয় নাই। তবে মতিয়া চৌধুরীকে তার স্বামীর কবরে শায়িত করা হতে পারে।

ছাত্র ইউনিয়নের রাজনীতি দিয়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করা মতিয়া চৌধুরী বহু রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেন। দলে প্রভাবশালী এ নেতা কয়েক যুগ ধরে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য পদে রয়েছেন।

তিনি শেরপুর-২ আসন থেকে দ্বাদশ সংসদ নির্বাচিত হন। তিনি এই আসন থেকে ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন।

সাদাসিদে জীবনযাপনে অভ্যস্ত মতিয়া আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বিশ্বস্ত ছিলেন। হাসিনার মন্ত্রিসভায় তিনি একাধিকবার মন্ত্রিত্ব করেন। কৃষিমন্ত্রী হিসেবে তিনি দেশে কৃষি বিপ্লবে ভূমিকা রাখেন। আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী সাজেদা চৌধুরীর মৃত্যু হলে মতিয়া চৌধুরীকে দ্বাদশ সংসদের উপনেতা করেন শেখ হাসিনা।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০২১ সালে বাংলা একাডেমি তাকে সম্মানসূচক ফেলোশিপ প্রদান করে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে জাতীয় সংসদ বিলুপ্তের মাধ্যমে সংসদ সদস্য পদ হারান তিনি। মতিয়া চৌধুরী ১৯৪২ সালের ৩০ জুন পিরোজপুরে জন্মগ্রহণ করেন।

আরও পড়ুন

সর্বশেষ