বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন এস এম মান্নান কচি। পদত্যাগ করা সভাপতি এস এম মান্নান কচি ঢাকা উত্তর সিটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ডিজাইনটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার রফিকুল ইসলাম। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠনটির নির্বাচনে রফিকুল ইসলাম জ্যেষ্ঠ সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর মাধ্যমে টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে। সরকার পরিবর্তনের পর গত নির্বাচনে পরাজিত প্যানেল বর্তমান বোর্ডের বিলুপ্তি এবং সমিতির জন্য অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন তদারকি করতে একটি অন্তর্বর্তী কমিটি গঠনের আহ্বান জানিয়েছিল। এরপর কচি বাধ্য হয়ে পদত্যাগ করলেন।




