ষ্টাফ রিপোর্টার (বিডিসময়২৪ডটকম)
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, গৃহপালিত নির্বাচন কমিশন প্রধানমন্ত্রীর হুকুম তামিলে ব্যস্ত। তিনি বলেন, একদলীয় প্রহসনের নির্বাচনের সব আয়োজন সরকার সম্পন্ন করেছে। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার কফিনের শেষ পেরেগটা ঠুকেছে সরকার। ১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিন সোমবার এক বিবৃতিতে তিনি এ অভিযোগ করেন।
বিবৃতিতে সালাহ উদ্দিন আহমেদ বলেন, “আওয়ামী লীগের ইতিহাস রক্ষী বাহিনী বর্বরোতম গণহত্যার ইতিহাস। বাসে গান পাউডার দিয়ে শাহবাগে মানুষ পুড়িয়ে মারার ইতিহাস। এদেশের মানুষ লগি-বৈঠার তাণ্ডবের কথা এখনো ভুলে যায়নি। চলমান গণ আন্দোলনকে কুলষিত করার কু-মানসে আওয়ামী লীগ বাহিনী সুপরিকল্পিতভাবে মানুষ পুড়িয়ে মারার ঘৃণ্য কর্মকাণ্ড পরিচালনা করছে।”
বিবৃতিতে ১৮ দলের ডাকা অবরোধের তৃতীয় দিনের চিত্র তুলে ধরা হয়। এতে রোববার সন্ধ্যা থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত ৩ জন নিহত, ১৮৭ জন আহত, ১৪৬ জন গুলিবিদ্ধ ও ২৯১ জন গ্রেফতার হয়েছে বলে দাবি করা হয়।




