রবিবার, অক্টোবর ২৫, ২০২৬
প্রচ্ছদইন্টারভিউমনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না

মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ছে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ। রাত পৌনে ৮টায় তিনি সাংবাদিকদের এ কথা বলেন। ২ ডিসেম্বর মনোনয়নপত্র দাখিলের তারিখ অপরিবর্তীত রয়েছে উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক সংকটের কারণে এমনিতেই তফসিল ঘোষণা করতে দেরি হয়েছে। যে সময়ে তফসিল ঘোষণা করা হয়েছে তাতে মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর সুযোগ নেই। কারণ, এখনও স্বতন্ত্রপ্রার্থী বাছাইয়ের কাজ রয়ে গেছে।

কাজী রকিবউদ্দীন বলেন, এছাড়া এবার ভোটার সংখ্যাও অনেক বেশি। এত সংখ্যক ভোটার তালিকা ঠিক করতেও সময়ের প্রয়োজন। অবরোধের কারণে কেউ সময় মতো মনোনয়নপত্র দাখিল করতে না পারলে সেক্ষেত্রে কী সিদ্ধান্ত নেয়া হবে? সাংবাদিকদের এমন প্রশ্নে একটু কৌশলী হয়ে সিইসি বলেন, আপনারাই তো মিডিয়ায় প্রচার করছেন সারাদেশের সব প্রার্থীরা ঠিক মতো মনোনয়নপত্র কিনেছেন এবং তারা সব কাজ ঠিকঠাক মতো করছেন। আশা করি- তারা নির্ধারিত সময়ের মধ্যেই মনোনয়নপত্র দাখিল করবেন।

পর্যবেক্ষক দল পাঠাতে ইউরোপীয় ইউনিয়ন-ইইউ নিরাপত্তারজনিত অভাবের কথা বলছেন। এ ব্যাপারে ইসির পদক্ষেপ কী? এর জবাবে সিইসি বলেন, শুধু পর্যবেক্ষক নয়, ভোটারদের জন্যও নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আমরা সবার নিরাপত্তা নিশ্চিত করতে চাই। এজন্য ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। তারা এ ব্যাপারে আমাদের সব ধরনের সহায়তা করার আশ্বাস দিয়েছে।

সংকট নিরসনে ইসির কোনো উদ্যোগ রয়েছে কি না? জানতে চাইলে সিইসি বলেন, নির্বাচন কমিশন (ইসি) একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। সাংবিধানিক অবস্থা থেকে দুই দলের মধ্যে সমঝোতার উদ্যোগ নেওয়ার সুযোগ ইসির নেই। এটা করতে গেলে ইসি সম্পর্কে মানুষের মনে বিভ্রান্তির সৃষ্টি হবে। তবে আমরা চাই একটা রাজনৈতিক সমঝোতা হোক।

আরও পড়ুন

সর্বশেষ