ন্যাশনাল ব্যাংক লিমিটেডের (এনবিএল) চেয়ারম্যানসহ স্বতন্ত্র সব পরিচালক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার তারা পদত্যাগ করার পর রোববার নতুন পর্ষদ গঠন করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন উদ্যোক্তা পরিচালক এবং কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমান।
১০ সদস্যের নতুন পরিচালনা পর্ষদে রয়েছেন শেয়ারহোল্ডার মোয়াজ্জেম হোসেন ও সিকদার ইন্স্যুরেন্সের প্রতিনিধি লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. সফিকুর রহমানও। বৃহস্পতিবার এই তিনজন ছাড়া অন্যরা পদত্যাগ করেন।
ব্যাংকের এমডি বরাবর পাঠানো কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইনের ৪৭(১) এবং ৪৮(১) ধারার ক্ষমতা বলে ন্যাশনাল ব্যাংকের পরিচালনা পর্ষদ অবিলম্বে বাতিল করা হলো। আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষা এবং ব্যাংকের সুশাসন নিশ্চিত করতে জনস্বার্থে নতুনভাবে পরিচালনা পর্ষদ গঠন করা হলো।




