ন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর এলাকায় একটি কন্টেইনার ট্রেনের ৪টি বগি লাইনচ্যূত হয়েছে। আজ সোমবার সকাল ৮টার দিকে এ লাইনচ্যূতির ঘটনা ঘটে। এতে করে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। এদিকে আখাউড়া রেলস্টেশনের সুপারিনটেনডেন্ট মোতালেব হোসেন জানান, সকালে ঢাকা থেকে চট্টগ্রামগামী ৮০৬নং কন্টেইনার ট্রেনটি আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনের প্রবেশপথে ঢোকার সময় ট্রেনের পেছনের ৪টি বগি লাইনচ্যুত হয়। এরপর থেকে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি আরও জানান, লাইনচ্যূত ট্রেন উদ্ধারের জন্য আখাউড়া থেকে রিলিফ ট্রেন রওয়ানা দিয়েছে। লাইনচ্যূত বগিগুলো উদ্ধারের পর ফের স্বাভাবিক হবে ট্রেন চলাচল।




